মাসুদ রানা আকন (masud rana akon)
প্রথম পাতা » জীবনী » মাসুদ রানা আকন (masud rana akon)
মাসুদ রানা আকন
মাসুদ রানা আকন ১৯৯৬ সালের ৪ জুলাই পিরোজপুর জেলার নাজিরপুর থানার পদ্মাডুবি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আবুল কালাম আকন এবং মাতা মুর্শিদা বেগম (বিউটি)। শৈশব থেকেই সাহিত্যের প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। সেই আগ্রহ থেকেই মাত্র সপ্তম শ্রেণিতে পড়াকালীন লেখালেখির জগতে তাঁর পথচলা শুরু, যা সময়ের সঙ্গে আরও বিকশিত ও সমৃদ্ধ হয়েছে।
শিক্ষাজীবনে তিনি বি.এ (অনার্স) ও এম.এ সম্পন্ন করেছেন এবং বর্তমানে এল.এল.বি অধ্যয়নরত। এছাড়াও তিনি পেশাগত বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ নিয়েছেন। পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমিতে আবৃত্তির উপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। পেশাগত জীবনে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিসার পদে কর্মরত। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রশিক্ষক হিসেবেও বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছেন। সমাজসেবা ও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রতি তাঁর গভীর অনুরাগ রয়েছে, এবং তিনি স্বতঃস্ফূর্তভাবে এসব কার্যক্রমে সম্পৃক্ত থাকতে ভালোবাসেন।
সাহিত্যচর্চার পাশাপাশি তিনি গীতিকার হিসেবেও কাজ করেছেন। “মা” শিরোনামের একটি অ্যালবামে তাঁর লেখা গান কণ্ঠে তুলে ধরেছেন শিল্পী আইনুন। এছাড়া বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়ে থাকে।
২০২০ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় তাঁর প্রথম একক কাব্যগ্রন্থ “সীমাহীন ভাবনা”। একই সঙ্গে তাঁর দ্বিতীয় যৌথ কাব্যগ্রন্থ “তবুও আশায় বাঁচি” পাঠকমহলে সমাদৃত হয়েছে। তাঁর কবিতায় সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় উঠে আসে মাটি ও মানুষের কথা—জীবনের বাস্তবতা, অনুভূতি ও স্বপ্নের এক সরল ও হৃদয়স্পর্শী প্রকাশ।
তিনি বিশ্বাস করেন, সাহিত্য মানুষের অন্তরে মানবিকতা জাগ্রত করে এবং দেশপ্রেমের চেতনা উন্মেষ ঘটায়। সেই বিশ্বাস থেকেই তিনি তাঁর অনুভূতি ও ভাবনাগুলোকে কাব্যের ভাষায় প্রকাশ করে চলেছেন।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত “সীমাহীন ভাবনা” গ্রন্থ থেকে সংকলিত এবং ২০২৬ সালে ৮ এপ্রিল সংযোজিত তথ্য ডকুমেন্ট থেকে সংকলিত ।
